মোংলার জয়মনিরঘোলে সুপেয় পানি নিশ্চিত করতে কোস্ট গার্ডের আরও প্ল্যান্ট স্থাপন
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের খাবার পানির সংকট দূর করতে একটি রিভার্স অসমোসিস (আরও) পানি শোধন প্ল্যান্ট স্থাপন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উপকূলীয় ও নদ-নদী অববাহিকার জনগোষ্ঠীর কল্যাণে চলমান জনসেবামূলক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেস মংলা এই আধুনিক আরও প্ল্যান্টটি উদ্বোধন করে।
এই প্ল্যান্ট স্থাপনের ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পাশাপাশি জয়মনিরঘোল এলাকার সর্বসাধারণ বিশুদ্ধ খাবার পানি সরবরাহের সুবিধা পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সুবিধাটি স্থানীয় পর্যায়ে পানিবাহিত রোগ প্রতিরোধে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষের কল্যাণে কোস্ট গার্ডের এ ধরনের জনহিতকর সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করা হয়েছে।

