টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথসহ ইঞ্জিন চালিত বোট জব্দ: কোস্ট গার্ড
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং একটি কাঠের ইঞ্জিন চালিত বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি সন্দেহভাজন ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে চোরাকারবারিরা তা অমান্য করে বোটটি নিয়ে নিকটবর্তী গোলারচরের দিকে পালিয়ে যায় এবং বোটটি ফেলে রেখে গা ঢাকা দেয়। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে পরিত্যক্ত বোটটিতে তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার এবং পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
জব্দকৃত মাদক ও বোটের বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মাদক সেবন ও কারবার রোধে কোস্ট গার্ডের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করা হয়েছে।

