সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন ফকির মাহবুব আনাম
স্টাফ রিপোর্টার
দেশের ডিজিটাল সুরক্ষা অবকাঠামো আরও শক্তিশালী করতে 'সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম' (সিআইআরএস) এবং 'ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম' (এনআরএস) নামে দুটি উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (এনসিএসএ)।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে প্ল্যাটফর্ম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই অনুষ্ঠানে অংশীজনদের পর্যালোচনার জন্য 'জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল ২০২৬-২০৩০'-এর প্রাথমিক খসড়াও উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আনাম বলেন, সিআইআরএস ও এনআরএস চালু হওয়া ক্রমাগত বৃদ্ধি পাওয়া সাইবার হুমকি, ডেটা চুরি এবং অনলাইন প্রতারণা মোকাবিলার ক্ষেত্রে একটি বড় মাইলফলক। তিনি ব্যাখ্যা করেন, সিআইআরএস প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক ও প্রতিষ্ঠানসমূহ যেকোনো সাইবার নিরাপত্তার বিচ্যুতির ঘটনা দ্রুত সমাধানের জন্য রিপোর্ট করতে পারবে। অন্যদিকে এনআরএস প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাইবার সুরক্ষার সক্ষমতা ও মান মূল্যায়ন করা হবে।
অনলাইন হয়রানি ও অপতথ্য প্রতিরোধে দায়িত্বশীল ডিজিটাল ব্যবহার ও জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী জোর দিয়ে বলেন, একটি নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে রাষ্ট্র, বেসরকারি খাত এবং নাগরিকদের যৌথভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ক্যাশলেস অর্থনীতির দিকে যাত্রা এবং ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের জন্য সুদৃঢ় সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদুল বারী (অব.) সহ খাত সংশ্লিষ্ট অংশীজন ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

