যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবর্তন নিজেদের পরিবার থেকেই শুরু করতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
স্টাফ রিপোর্টার
যৌতুক ও মাদককে মারাত্মক সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি সমাজকে এসব অপরাধমুক্ত করতে প্রতিটি পরিবার থেকে পরিবর্তন শুরু করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "সমাজ পরিবর্তনের জন্য আগে নিজেদের চিন্তা ও মানসিকতা বদলাতে হবে। অন্যের ওপর নির্ভর করে এই সংকটের সমাধান সম্ভব নয়; যৌতুক ও মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে নিজের ঘর থেকেই পদক্ষেপ নিতে হবে।"
শনিবার রাতে চট্টগ্রাম শহরের ষোলশহরে এলজিইডি মিলনায়তনে আঞ্জুমানে রাজারিয়া ট্রাস্ট আয়োজিত "যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়" শীর্ষক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী হেলাল উল্লেখ করেন যে, মানুষ প্রায়শই ধর্মীয় ও নৈতিক মূলবোধের কথা প্রচার করলেও বিয়ের সময় যৌতুক দাবি ও বিশাল বরযাত্রীর অজুহাতে কনের পরিবারের ওপর মারাত্মক মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করে।
তিনি বলেন, "আমাদের আশপাশের নারীরা প্রতিদিন যৌতুকের কারণে নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা যদি নিজেদের পুত্রবধূদের নিজেদের কন্যাসন্তানের মতো মর্যাদা ও মমতার চোখে দেখি, তবে সমাজ থেকে যৌতুকের এই নিপীড়ন চিরতরে দূর হয়ে যাবে।"
মাদকের ক্রমবর্ধমান ব্যবহার ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে সতর্ক করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস ও চরম সামাজিক বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, "বিগত ১৭ বছরে যে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে, তা থেকে উত্তরণের জন্য একটি ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। স্থানীয় মহল্লায় অপরাধীরা কখনোই আড়ালে থাকতে পারে না।"
মুহাম্মদ আবুল কাসেম নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

