ডার্ক মোড
Saturday, 01 August 2026
ePaper   
Logo
মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় সারসহ ২৩ চোরাকারবারি আটক: কোস্ট গার্ড

মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় সারসহ ২৩ চোরাকারবারি আটক: কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দসহ ২৩ জন সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম পতেঙ্গা থানাধীন বহির্নোঙ্গর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুটি সন্দেহভাজন মাছ ধরার ট্রলার তল্লাশি করে ২৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানায়, মিয়ানমারে পাচারের উদ্দেশে সার বোঝাই একটি কার্গো বোট পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টায় কোস্ট গার্ড বেস চট্টগ্রামের আরেকটি বিশেষ দল পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে কার্গো বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২,৫০০ কেজি) ডিএপি সার এবং পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল, বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের সক্রিয় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন