ডার্ক মোড
Monday, 27 July 2026
ePaper   
Logo
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মানবিকতা, সতর্কতা এবং দ্রুত পদক্ষেপের ফলে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে যথাযথ পরিচয় যাচাই-বাছাই শেষে নিরাপদে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরে কর্মরত আনসার সদস্য মো. মিজানুর রহমান বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকা থেকে মো. আবদুল্লাহ মাতুব্বর (৬) নামের এক শিশু কান্নাকাটি করা অবস্থায় একাকী ঘুরে বেড়াতে দেখেন। শিশুটি ইতালি প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের ছেলে। শিশুটির নিরাপত্তার স্বার্থে তিনি তাকে তাৎক্ষণিকভাবে নিজের হেফাজতে নেন।

পরবর্তীতে তিনি বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু করেন। একই সাথে শিশুটির স্বজনদের খুঁজে পেতে লাউডস্পিকারে মাইকিং করা হয়।

একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় শিশুটির চাচা মো. সুমন মাতুব্বরকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর শিশুটিকে ডিএসও অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পরিচয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে তাকে সশরীরে চাচার হাতে তুলে দেওয়া হয়।

শিশুটিকে ফিরে পেয়ে স্বজনেরা আনসার সদস্যদের এই তৎপরতা, মানবিকতা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন