সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ৫টি অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক
স্টাফ রিপোর্টার
সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ২৮টি ট্রলিং জাল এবং ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছসহ ১০১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ সংরক্ষণে চলমান ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’। অভিযানকালে ৫টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয় এবং পরবর্তীতে বোটগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল ও সামুদ্রিক মাছসহ ১০১ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত নৌযান, জাল, মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

