ডার্ক মোড
Wednesday, 18 November 2026
ePaper   
Logo
সুন্দরব্নে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: অস্ত্র ও গোলাবারুদের বিশাল চালান উদ্ধার

সুন্দরব্নে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: অস্ত্র ও গোলাবারুদের বিশাল চালান উদ্ধার

খুলনা ব্যুরো

সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদের একটি বড় চালান উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলীয় অঞ্চলে সক্রিয় জলদস্যু ও অপরাধ চক্রগুলো সম্পূর্ণ নির্মূল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বর্তমানে কোস্ট গার্ডের পক্ষ থেকে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যাংগ্রোভ শিল্ড” নামক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ উপজেলার শিবসা নদী সংলগ্ন শরবতখালি খালের গভীর বনে বড় ধরনের ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে একটি জলদস্যু চক্র বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেস মোংলা এবং বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গভীর বনের ভেতর তল্লাশি চালিয়ে মাটির নিচে বা লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র ও সরঞ্জামের একটি বিশাল ভান্ডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় একনলা শুটার গান, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা গোলা, ৩২ রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের পেলেট এবং ২টি ওয়াকিটকি সেট।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় দস্যুরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পলাতক জলদস্যুদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা, জনসচেতনতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুব শীঘ্রই সুন্দরবনকে সম্পূর্ণ জলদস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন