পতেঙ্গায় মিয়ানমারে পাচারকালে ৩৭.৫ টন সিমেন্ট জব্দ: আটক ১
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৩৭ হাজার ৫০০ কেজি (৩৭.৫ টন) সিমেন্ট ও একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার আভিযানিক দল। এ সময় একটি সন্দেহভাজন কার্গো বোট তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ এই সিমেন্ট জব্দ করা হয় এবং এর সাথে জড়িত একজনকে আটক করা হয়।
জব্দকৃত ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা। চোরাচালানে ব্যবহৃত কার্গো বোট, সিমেন্ট এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
উপকূলীয় ও সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

