ডার্ক মোড
Thursday, 12 November 2026
ePaper   
Logo
টেকনাফে কোস্ট গার্ডের বড় সাফল্য: ১০ কোটি টাকার ২ লাখ ইয়াবাসহ আটক ২

টেকনাফে কোস্ট গার্ডের বড় সাফল্য: ১০ কোটি টাকার ২ লাখ ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে এক অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া অফিসার সংবাদের বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযানের তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মায়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ আভিযানিক দল বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে তিন ঘণ্টাব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সাবরাং আলোগোলা জোড়া সংলগ্ন নাফ নদী এলাকায় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু নৌকাটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সেটিকে আটক করেন। পরবর্তীতে নৌকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং বিআইডব্লিউটিএ নিবন্ধিত না হওয়া উক্ত নৌকাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানের বিষয়ে প্রাথমিক ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন, (এক্স), বিএন।

তিনি জানান, "উপকূলীয় ও নদীভিত্তিক অঞ্চলে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান, মানবপাচার ও মাদক কারবার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।"

তিনি আরও যোগ করেন, এই মাদক চক্রের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, নৌকা এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন