ডার্ক মোড
Sunday, 08 November 2026
ePaper   
Logo
নিউইয়র্কে মানববন্ধন থেকে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের মুক্তি দাবি  ​

নিউইয়র্কে মানববন্ধন থেকে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের মুক্তি দাবি ​

যুক্তরাষ্ট্র ব্যুরো

বিশিষ্ট সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের নিংশর্ত মুক্তি, দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং বরখাস্তকৃত সাংবাদিকদের সসম্মানে পুনর্বহালের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অপরাহ্নে ‘প্রবাসী সাংবাদিক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশে গণমাধ্যমের ওপর অঘোষিত দমন-পীড়নের ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সাংবাদিক পিনাকি তালুকদার সঞ্চালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ, ‘কক্ষপথ-৭১’-এর পক্ষে এডভোকেট মিয়া জাকির, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, কম্যুনিটি সংগঠক মোজাহিদ আনসারী, সোলায়মান আলী, এডভোকেট সোনিয়া সুলতানা, শেখ আবিদ হোসেন, পলাশ নন্দী ও মিনহাজ সাম্মু।

সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এর সাবেক মহাসচিব ও নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, সাংবাদিক শিতাংশু গুহ, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাংবাদিক শহীদুল হক জীবন, সুমী খান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাবেক নেত্রী শামিমা দৌলা, আব্দুল হামিদ ও অজিৎ ভৌমিক।

বক্তারা মানববন্ধনে অভিযোগ করেন, বর্তমানে বাংলাদেশে সাংবাদিকদের ঢালাওভাবে হত্যা মামলার আসামি করার হুমকি দেওয়া হচ্ছে। ফলে মুক্ত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং অন্যায়-অবিচার বেড়েছে।

বক্তারা আরও বলেন, ভিন্নমত পোষণকারীরা প্রতিনিয়ত মবের শিকার হচ্ছেন এবং হত্যার ঘটনা ঘটছে। এর সর্বশেষ নজির হলো সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, দ্য ডেইলি অবজারভার সম্পাদক ও ডিবিসি নিউজের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো যা নজিরবিহীন।

সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বহির্বিশ্বে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে বাংলাদেশে গণমাধ্যমের ওপর চলমান দমন-পীড়ন বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের প্রস্তাব করেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু হওয়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে।

প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিষয়টি আবারও নতুন করে আলোচনায় এলো।

নিউইয়র্কে মানববন্ধন থেকে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের মুক্তি দাবি  ​

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন