পটুয়াখালী ও ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ট্রলিং বোট, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৬
স্টাফ রিপোর্টার
পটুয়াখালী ও ভোলায় পৃথক অপরাধবিরোধী অভিযান চালিয়ে দুটি অবৈধ ফিশিং ট্রলার, তিনটি ড্রেজার এবং একটি বাল্কহেড জব্দসহ ছয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালিত হয়। এ সময় দুটি অবৈধ ট্রলিং বোট আটক করা হয়। বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৯টি বেহেন্দী জাল, ৪টি উইংস, ৪টি ট্রল ডোর ও সংশ্লিষ্ট সরঞ্জামসহ ৩ জন জেলেকে আটক করা হয়।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসেরচর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেস ভোলার একটি বিশেষ দল। অবৈধভাবে বালু উত্তোলনকালে কোস্ট গার্ড সদস্যরা হাতেনাতে ৩টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করেন এবং অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ৩ জনকে আটক করেন।
আটককৃত ৬ জন আসামি এবং জব্দকৃত নৌযান, মাছ ধরার সরঞ্জাম ও যন্ত্রপাতি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে কোস্ট গার্ড।

