বরিশালে অবৈধ বালু উত্তোলন: কোস্ট গার্ডের অভিযানে ২টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ
বরিশাল ব্যুরো
বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান চালিয়ে দুটি ড্রেজার এবং দুটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক ৮টার দিকে বরিশাল সদর থানাধীন চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ড স্টেশান বরিশালের একটি নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড হাতেনাতে জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডগুলোর মালিকদের মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয় এবং মালিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে নৌযানগুলো ছেড়ে দেওয়া হয়।
নদীর তীরবর্তী কৃষি জমি ও জনবসতি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

