ডার্ক মোড
Sunday, 29 November 2026
ePaper   
Logo
গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু  ৩০টি স্টলে গবাদিপশু, পাখি ও আধুনিক প্রযুক্তির সমাহার

গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু ৩০টি স্টলে গবাদিপশু, পাখি ও আধুনিক প্রযুক্তির সমাহার

গোপালগঞ্জ প্রতিনিধি:
 
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।
 
‘দেশীয় প্রাণিসম্পদ, আধুনিক প্রযুক্তি, সম্ভাবনাময় সমৃদ্ধি’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহ এলাকার হাউজিং প্রকল্প মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার।
 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ খাতের উন্নয়নে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
 
প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে স্থান পেয়েছে বিভিন্ন প্রজাতির গবাদিপশু, হাঁস-মুরগি, পোষা প্রাণী ও বাহারি পাখি। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন দর্শনার্থী ও খামারিরা।
 
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে এক্স-রে মেশিন, কৃত্রিম প্রজননের (এআই) যন্ত্রপাতি, ঘাস কাটার মেশিন, মিল্কিং মেশিন ও ক্রিম সেপারেটরসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম। এছাড়া ফ্রিজিয়ান ও সাহিওয়াল জাতের গরু, ঘোড়া, গারল, ভেড়া, বিভিন্ন জাতের ছাগল, কোয়েল ও লাভবার্ডসহ নানা প্রজাতির প্রাণী ও পাখি প্রদর্শন করা হচ্ছে।
 
আয়োজকরা জানান, খামারিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উৎপাদন ব্যবস্থার উন্নয়ন এবং নতুন উদ্যোক্তাদের বাণিজ্যিকভাবে পশুপালনে আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন তারা।
 
তিন দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিনে ডেইরি বিষয়ক কার্যক্রম ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনে থাকছে স্কুল ফিডিং কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতা। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।
 
সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিক প্রযুক্তির সঙ্গে খামারিদের সম্পৃক্ত করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশীয় প্রাণিসম্পদের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এ আয়োজন ইতিবাচক অবদান রাখবে।
গোলাম রব্বানী 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন