নোয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে আনা ২.৮৮ কোটি টাকার সুপারিসহ ২৫ চোরাকারবারি আটক
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে পাচার করে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি (৭২ টন) সুপারিসহ ২৫ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় হাতিয়া থানাধীন লাল বয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি আভিযানিক দল। অভিযানকালে তিনটি সন্দেহভাজন নৌযানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ এই সুপারি জব্দ করা হয় এবং চোরাচালানে জড়িত ২৫ জনকে আটক করা হয়।
জব্দকৃত সুপারি, চোরাচালানে ব্যবহৃত নৌযান এবং আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপকূলীয় ও সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

