ডার্ক মোড
Sunday, 29 November 2026
ePaper   
Logo
বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন আট বিশিষ্ট ব্যক্তি

বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন আট বিশিষ্ট ব্যক্তি

মো:রাকেল ইসলাম,বগুড়া 

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আট বিশিষ্ট ব্যক্তি পেয়েছেন ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’। বগুড়া লেখক চক্র আয়োজিত তিন দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

 

পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক হিসেবে রহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে বায়েজিদ শেখ।

 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। সম্মানিত অতিথিরা তাঁদের সনদপত্র প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন।

 

বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার এবং কবি ও প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ্।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। তিনি অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং প্রকাশনা ও কবি ব্যাগ উপহার দেন।

 

কবি সম্মেলনের দ্বিতীয় দিনের দিনব্যাপী আয়োজনে ছিল সেমিনার, কবিতা পাঠ, ‘নজরুল কথাসাহিত্যে নারী’ শীর্ষক মুক্ত আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি।

 

বিভিন্ন পর্বে কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ দাস, বেলাল সরকার, শাকিবুল শাকিল, বাণী রানী পাল, হাসি খাতুন, সম্পা রানী মোহন্ত, হাবীবুল্লাহ জুয়েল, কামরুন নাহার কুহেলী, মোমিন শাওন, বখতিয়ার হোসাইন, আবু রায়হান, হিরণ্য হারিন, অভি জেনেট, বকুল আশরাফ, তুষার শুভ্র, নাসির সিরাজী ও জুয়েল হাসানসহ অনেকে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন