ডার্ক মোড
Sunday, 29 November 2026
ePaper   
Logo
বিএসএফআইসিতে আট বছর ধরে পদ আঁকড়ে থাকার অভিযোগ, জোহরা ইয়াসমিনকে ঘিরে তোলপাড়

বিএসএফআইসিতে আট বছর ধরে পদ আঁকড়ে থাকার অভিযোগ, জোহরা ইয়াসমিনকে ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে (বিএসএফআইসি) প্রশাসনিক পদায়ন, সাংগঠনিক কাঠামো অনুসরণ এবং দীর্ঘদিনের কথিত অনিয়ম নিয়ে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। করপোরেশনের জনসংযোগ উপবিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রায় আট বছর ধরে পালন এবং বদলির আদেশের পরও পুনরায় ওই পদে ফিরে আসার তদবিরের অভিযোগ উঠেছে হিসাব বিভাগের কর্মকর্তা (ব্যবস্থাপক, হিসাব) জোহরা ইয়াসমিনের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ ক্রমেই প্রকাশ্যে আসছে।

করপোরেশনের অভ্যন্তরীণ সূত্র ও সংশ্লিষ্ট নথিপত্রের বরাত দিয়ে জানা গেছে, হিসাব বিভাগের কর্মকর্তা হওয়া সত্ত্বেও জোহরা ইয়াসমিন দীর্ঘ সময় জনসংযোগ উপবিভাগের দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের প্রচলিত সাংগঠনিক কাঠামো ও পদায়নসংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করেই তাঁকে দীর্ঘদিন এ দায়িত্বে রাখা হয়েছিল। অথচ জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগ পরিচালনায় প্রশাসন (জেনারেল) ক্যাডারের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি করপোরেশনের সাংগঠনিক কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করছেন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে এক আদেশে জোহরা ইয়াসমিনকে জনসংযোগ উপবিভাগ থেকে এমআইএস বিভাগে বদলি করা হয়। কিন্তু বদলির পরও আগের দায়িত্বে ফিরে যেতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও তদবির চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, একজন কর্মকর্তার পদায়ন ও বদলির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিধিবিধানই চূড়ান্ত হবে, নাকি ব্যক্তিগত যোগাযোগ ও প্রভাবের বিষয়টি প্রাধান্য পাবে?

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাঁর অতীত রাজনৈতিক সম্পৃক্ততা। করপোরেশনের একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক পরিচিতি ও প্রভাব কাজে লাগিয়ে তিনি প্রশাসনিক সুবিধা পেয়েছেন। মাদারীপুরের কালকিনি এলাকার বাসিন্দা জোহরা ইয়াসমিনের রাজনৈতিক যোগাযোগ এবং তৎকালীন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েও প্রতিষ্ঠানের ভেতরে আলোচনা রয়েছে। 'আলোর বাতিঘর বঙ্গবন্ধু' শীর্ষক স্মারক গ্রন্থে তাঁর নিবন্ধ প্রকাশ এবং তৎকালীন রাজনৈতিক কর্মসূচি ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে উপস্থিতির কিছু স্থিরচিত্রও এ আলোচনায় উঠে এসেছে। তবে এসব তথ্যের প্রেক্ষাপট ও প্রশাসনিক সিদ্ধান্তে এর কোনো প্রভাব ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

এদিকে দীর্ঘদিন ধরে পদোন্নতি, পদায়ন ও প্রশাসনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি করা জাতীয়তাবাদী মতাদর্শের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, অতীতের রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক অনিয়মের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কর্মকর্তা তাঁদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাঁরা জোহরা ইয়াসমিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রমাণিত অনিয়মের ক্ষেত্রে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

করপোরেশনের অভ্যন্তরীণ মহলে প্রশ্ন উঠেছে, একজন হিসাব বিভাগের কর্মকর্তা কীভাবে দীর্ঘ আট বছর জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেন? এ সময়ে দায়িত্ব পালনের অনুমোদন, দাপ্তরিক আদেশ, আর্থিক ও প্রশাসনিক সুবিধা এবং সংশ্লিষ্ট পদায়ন প্রক্রিয়া যথাযথ নিয়মে সম্পন্ন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে বদলির আদেশের পর পুনরায় আগের দায়িত্বে ফেরার তদবিরের অভিযোগেরও প্রশাসনিক ব্যাখ্যা প্রয়োজন।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দাবি, শুধু বদলির আদেশ জারি করলেই দায়িত্বশীলতার প্রশ্নের নিষ্পত্তি হবে না। গত আট বছরে দায়িত্ব পালনের বৈধতা, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব, কথিত অনিয়ম এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং এমআইএস বিভাগে বদলির আদেশ যথাযথভাবে কার্যকর রাখতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন