নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোহাম্মদ সেলিম, নোয়াখালী
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘোষবাগ আলীপুর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তারের অনিয়ম, দুর্নীতি ও অভিভাবকদের হয়রানির প্রতিবাদ করায় এক সাংবাদিক ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন এবং হয়রানিমূলক জিডির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিকালে ভুক্তভোগী সাংবাদিক, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, প্রধান শিক্ষক মাহমুদা আক্তার বিদ্যালয়ে নিয়মবহির্ভূত আচরণ, ছাত্র-ছাত্রীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানো এবং অফিস সময়ে ঘুম ও আড্ডায় ব্যস্ত থাকার মতো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এসব অনিয়মের প্রতিবাদ করায় তিনি উল্টো অভিভাবকদের বিরুদ্ধে থানায় মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করে হয়রানি করছেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে ও ‘ডিএস টিভি’র সহ-সম্পাদক সাংবাদিক আজমির হোসেনের বিরুদ্ধে একটি চক্রকে দিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করানো হয়েছে এবং পুনরায় হয়রানিমূলক জিডি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে স্থানীয় ব্যবসায়ী হারুন, জাকির হোসেন, মোহাম্মদ হোসেন ও সৌরভ হোসেন বাবরসহ ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করেন, প্রধান শিক্ষক মাহমুদা আক্তারের খারাপ আচরণ ও রুক্ষ মেজাজের কারণে দিন দিন বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। তিনি স্বপদে বহাল থাকলে বিদ্যালয়ের পড়ালেখার পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। অবিলম্বে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তাকে অন্যত্র বদলি এবং তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাংবাদিক আজমির হোসেন একটি কল রেকর্ড শুনিয়ে দাবি করেন, কবিরহাটের ইকবালের নেতৃত্বে একটি চক্র নিউজ না করার শর্তে তার কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় ওই চক্রটি শিক্ষিকাকে ব্যবহার করে তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করিয়ে সম্মানহানি করেছে। এ ঘটনায় ইতোমধ্যে তাদের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া, ওই শিক্ষিকার বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে মাতৃত্বকালীন ছুটিসহ সরকারি সুযোগ-সুবিধা নেওয়ারও গুরুতর অভিযোগ তোলা হয়।
এদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদা আক্তার বলেন, "আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত স্কুল কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে আজমির হোসেন ও তার লোকজন আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছেন। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমি তাদের প্রতিহিংসার শিকার হয়েছি।"

