আওয়ামী ফ্যাসিস্টরা দেশের সমবায় সমিতিগুলোকে লুটেপুটে ধ্বংস করেছে আমরা সেগুলোকে সচল করার কাজে সক্রিয় ভূমিকা রাখবো - খায়রুল কবির খোকন
স্টাফ রিপোর্টার, নরসিংদী
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা হাসান আল মামুন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি খোকন বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের সমবায় সমিতিগুলোকে লুটেপুটে খেয়েছে। তারা নরসিংদীর মাধবদীর ‘সোনার বাংলা’ ও রায়পুরা সমিতি’কে লুটেপুটে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আমরা দেশের সমবায় সমিতিগুলোকে সচল ও সক্রিয় করার লক্ষ্যে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করছি। তারা আগামী দিনে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে এক বর্ণাঢ্য র্যালী নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

