ডার্ক মোড
Saturday, 07 November 2026
ePaper   
Logo
বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাসুদ রানা, বরিশাল অফিস 
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বরিশালে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার  (৭ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর।
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী ও জনসাধারণের সমর্থনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের নেতৃত্বদানে এগিয়ে আসেন। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরবর্তী সময়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশ পুনর্গঠনে নেতৃত্ব দেন। তিনি বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও স্বনির্ভরতার চেতনা জাগ্রত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
 
তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে। এ লক্ষ্যে পাঠ্যপুস্তক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে দেশের গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে একটি উন্নত, সমৃদ্ধ, সাম্যভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
 
জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহমদ, রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পুলিশ সুপার এজেড এম মোস্তাফিজুর রহমান, উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ বক্তব্য দেন।
 
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন