সোনাইমুড়ীতে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, ১৭ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট
আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী (নোয়াখালী)
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ ১৭ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইকবাল হোসেন সুমনকে মারধর করে গুরুতর আহত করা হয়।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে ১টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারের হাইস্কুল সড়কে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের সামনে অবস্থিত ‘সুবাই স্টোর’ নামের বিকাশ এজেন্টের দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুমন ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে করে আসা ছয় থেকে সাতজন মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিতভাবে দোকানে হামলা চালায়। এ সময় তারা সুমনকে বেধড়ক মারধর করে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে রাস্তায় ফেলে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে দোকানে থাকা বিকাশের প্রায় ১১ থেকে ১২ লাখ টাকা এবং এক গ্রাহকের ছয় লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া দোকানে থাকা সুমনের স্ত্রীর পাঁচ ভরি স্বর্ণালংকারও লুট করে নিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন আহত সুমনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, ঘটনার প্রতিবাদে বিকেলে আমিশাপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপি, জামায়াতে ইসলামী এবং স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবদুল্লাহ, জামায়াত নেতা ফিরোজ আলম ভুট্টো, যুবদল নেতা আরহান চৌধুরী। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমিশাপাড়া একটি শান্তিপূর্ণ এলাকা। এমন একটি এলাকায় প্রকাশ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এভাবে হামলা, মারধর ও লুটপাটের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করতে হবে। একই সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। ঘটনার পর সোনাইমুড়ী থানার এসআই দীন মোহাম্মদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

