ডার্ক মোড
Monday, 23 November 2026
ePaper   
Logo
দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে সুন্দরবনে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা

দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে সুন্দরবনে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী দুবলার চরে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ড জাহাজ ‘বিসিজিএস তৌহিদ’-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ (টিএএস), বিএন-এর দেওয়া ব্রিফিংয়ের বরাত দিয়ে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপকূলীয় ও নদীভিত্তিক অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে কোস্ট গার্ড নিয়মিত কাজ করে যাচ্ছে। এবারের রাস পূর্ণিমা উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজসমূহ এবং নিকটবর্তী স্টেশন ও আউটপোস্টগুলোর বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দিনরাত ২৪ ঘণ্টা টহল পরিচালিত হচ্ছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি দল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বন্যপ্রাণী শিকার রোধে বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

সুন্দরবনে চলমান জলদস্যুবিরোধী অভিযানের সাফল্যের কথা উল্লেখ করে কোস্ট গার্ড জানায়, সক্রিয় বনদস্যু বাহিনীগুলোকে নির্মূল এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যাংগ্রোভ শিল্ড” নামক দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। চলমান এসব অভিযানে এ পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। পাশাপাশি দস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কোস্ট গার্ড ও অন্যান্য বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে এ পর্যন্ত ৭টি সক্রিয় বনদস্যু বাহিনীর মোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্ট গার্ডের জরুরি হেল্পলাইন নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উৎসবটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন