শৈত্যপ্রবাহের ক্ষয়ক্ষতি কমাতে হচ্ছে ‘জাতীয় আগাম কার্যক্রম প্রটোকল’
নিজস্ব প্রতিবেদক
শৈত্যপ্রবাহের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে ‘জাতীয় শৈত্যপ্রবাহ আগাম কার্যক্রম প্রটোকল’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
প্রচলিত দুর্যোগ-পরবর্তী ত্রাণ ও সাড়াদান ব্যবস্থার পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম (অ্যান্টিসিপেটরি অ্যাকশন) গ্রহণই এ প্রটোকলের মূল লক্ষ্য।
এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার রংপুরে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সিলভার জুবিলি ভবনে বিভাগীয় পর্যায়ের অংশীজনদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নেতৃত্বে আয়োজিত এ সভায় কারিগরি ও লজিস্টিক সহায়তা দেয় ইএসডিও এবং আর্থিক সহায়তায় ছিল হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন।
সভায় অংশগ্রহণকারীরা শৈত্যপ্রবাহের ঝুঁকি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ, অধিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিহ্নিতকরণ এবং আবহাওয়ার পূর্বাভাস ও আগাম সতর্কবার্তার কার্যকর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ ছাড়া আগাম কার্যক্রম শুরুর উপযুক্ত সূচক ও সীমামাত্রা (ট্রিগার ও থ্রেশহোল্ড) নির্ধারণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জাতীয় এ প্রটোকলকে বিজ্ঞানভিত্তিক ও বাস্তবসম্মত করতে স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদাগুলো এতে অন্তর্ভুক্ত করা জরুরি।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. নাসির উদ্দীন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রহমান উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্মসচিব ও পরিচালক (ত্রাণ) মো. রাসেল সাবরিন, উপসচিব ও উপপরিচালক (ত্রাণ-২) মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান, উপসচিব ও উপপরিচালক (গবেষণা) কাজী মো. বদরুজ্জামান এবং কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম।
এ ছাড়া উপপরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) মোস্তফা শাহিন এবং ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন সভায় উপস্থিত ছিলেন।
পাশাপাশি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়, সিটি করপোরেশন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ দপ্তর ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা সভায় অংশ নেন। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধি এবং কেয়ার বাংলাদেশ, আরডিআরএস বাংলাদেশ, হেলভেটাস ও ইএসডিওসহ স্থানীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ প্রটোকল প্রণীত হলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোয় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর মাধ্যমে উত্তরাঞ্চলসহ দেশের শৈত্যপ্রবাহপ্রবণ এলাকার মানুষের জীবন ও জীবিকার ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি করা সম্ভব হবে।

