ডার্ক মোড
Wednesday, 25 November 2026
ePaper   
Logo
নতুন দুই গ্রুপে মিলবে সাড়ে ২৭ মিলিয়ন গন ফুট গ্যাস

নতুন দুই গ্রুপে মিলবে সাড়ে ২৭ মিলিয়ন গন ফুট গ্যাস

শাহাগীর মৃধা, ব্রাহ্মণবাড়িয়া

তিতাস গ্যাস ফিল্ডের দুটি নতুন কূপ থেকে দৈনিক সাড়ে ২৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর পাশাপাশি হবিগঞ্জ ও বাখরাবাদ গ্যাস ফিল্ডের দুটি পুরোনো কূপ সংস্কার (ওয়ার্কওভার) করে দৈনিক আরও ৩৭ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

 

গত সোমবার ঢাকায় পেট্রোবাংলা কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ৭১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, তিতাসের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হয়েছে। আর ২৯ নম্বর কূপ থেকে গত ১২ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ চলছে।

 

এ ছাড়া তিতাসের ৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপের ৫ হাজার ২৬৫ মিটার পর্যন্ত খনন শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে বাখরাবাদ-১১ নম্বর গভীর কূপের খননকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

 

সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী ও মেঘনা গ্যাস ফিল্ডের ৩৮টি কূপ থেকে দৈনিক গড়ে প্রায় ৪৬৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়েছে। এ সময়ে দেশের পাঁচটি বিতরণ কোম্পানির কাছে মোট ৪ হাজার ৮২৮ দশমিক ৬ শূন্য মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করেছে বিজিএফসিএল।

পাশাপাশি উপজাত হিসেবে ২০৪ দশমিক ৯২ লাখ লিটার কনডেনসেট বিক্রি এবং বাপেক্স ও ক্রিস এনার্জির কাছ থেকে পাওয়া আরও ৮১ দশমিক ৯৫ লাখ লিটার কনডেনসেট নিজস্ব ব্যবস্থাপনায় সরবরাহ করা হয়েছে।

গত অর্থবছরে বিজিএফসিএলের করপূর্ব মুনাফা হয়েছে ১৪৭ কোটি ৯২ লাখ টাকা। একই সময়ে জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সরকারি কোষাগারে ১ হাজার ৪৮ কোটি ৯৯ লাখ টাকা জমা দিয়েছে কোম্পানিটি।

 

দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বর্তমানে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করছে বিজিএফসিএল। এর মধ্যে রয়েছে তিনটি কূপ খনন ও সংস্কার, একটি ওয়েলহেড কম্প্রেসর স্থাপন এবং একটি ত্রিমাত্রিক (থ্রি-ডি) সাইসমিক জরিপ প্রকল্প।

জরিপ প্রকল্পের আওতায় হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের ১ হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকায় কাজ চলছে। এর ফলাফলের ভিত্তিতে হবিগঞ্জে বানিয়াচং-১ ও লস্করপুর-১ এবং বাখরাবাদ ও মেঘনায় বাখরাবাদ-১২ ও মেঘনা-২ নামে চারটি অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা রয়েছে।

 

সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিজিএফসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওয়াছিম জাব্বার। এতে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, পরিচালক এবং বিজিএফসিএলের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন