ডার্ক মোড
Thursday, 12 November 2026
ePaper   
Logo
ফরিদপুরে গভীর রাতে দুই ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন, প্রাণ গেল চালকের   

ফরিদপুরে গভীর রাতে দুই ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন, প্রাণ গেল চালকের  

মাহবুব পিয়াল, ফরিদপুর 

গভীর রাতে পার্কিং করা বাসে আগুন। মাত্র পৌনে দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফরিদপুরে । সোমবার দিবাগত রাত ২টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে পার্কিং করা বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের (৬০) মৃত্যু হয়। এর পৌনে দুই ঘণ্টা পর রাত পৌনে ৪টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের জাফর বাজারে করিম জুটমিলের শ্রমিক পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। এতে বাসটির পেছনের আসনগুলো পুড়ে যায়।

 একই রাতে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় রাতের বেলায় পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দিনের বেলায় শহর ও বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত থাকলেও গভীর রাতে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ‘কিশোর-তনয়’ (ফরিদপুর-ব-১১-০১৮২) পরিবহনের একটি লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ।

 এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান শেখ। আগুন ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে বাস থেকে বের হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কালাচানকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের মৃত নুরউদ্দীন শেখের ছেলে। বাসটি ফরিদপুর-মাদারীপুর রুটে লোকাল হিসেবে চলাচল করত। বাসটির মালিক শহরের বাসিন্দা তপন কুমার দাস।

 প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত পৌনে ৪টার দিকে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের জাফর বাজারে। করিম জুটমিলের শ্রমিক পরিবহনের বাসটি প্রতিদিনের মতো বাজারের পাশে সড়কে পার্কিং করা ছিল।

 বাজারের নৈশপ্রহরী আব্দুর রব মণ্ডল টহল দেওয়ার সময় বাসটির পেছনের অংশে আগুন দেখতে পান। পরে তিনি বাজারের মসজিদের ইমামকে বিষয়টি জানান। মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করা হলে স্থানীয় লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততোক্ষণে বাসটির পেছনের আসনগুলো পুড়ে যায়।

 খবর পেয়ে ঘটনাস্থলে যান কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহিদ মোল্লা। তবে বাসটিতে কেউ আগুন দিয়েছে, এমন দাবি নাকচ করে করিম গ্রুপের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর মিয়া বলেন, বাসের বৈদ্যুতিক সংযোগের নেগেটিভ ও পজিটিভ তার এক হয়ে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে।

 ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, জাফর বাজারে মিলের শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 এদিকে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে বাসে আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। এ সময় তিনি বলেন, গত রাতে কতিপয় দুষ্কৃতকারী বাসটিতে আগুন দিয়েছে। বাসটি ফরিদপুর-মাদারীপুর রুটে লোকাল হিসেবে চলাচল করত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচানকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 পুলিশ সুপার আরো বলেন, প্রযুক্তি ও বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ফরিদপুর শহরসহ বিভিন্ন সড়কে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। কোনোভাবেই এ জেলায় আইনবিরোধী কর্মকাণ্ড কাউকে করতে দেওয়া হবে না।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন