পতেঙ্গায় মিয়ানমারে পাচারকালে ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ: ৫ চোরাকারবারি আটক
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৭০ হাজার কেজি সিমেন্ট ও একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ঘটনার সাথে জড়িত পাঁচ সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেল সংলগ্ন ১৮ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি আভিযানিক দল। এ সময় একটি সন্দেহভাজন কার্গো ভেসেল (নৌযান) তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ এই সিমেন্ট জব্দ করা হয়।
জব্দকৃত ৭০ হাজার কেজি সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা। চোরাচালানে ব্যবহৃত কার্গো বোট এবং আটককৃত পাঁচ চোরাকারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

