পাথরঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫: কোস্ট গার্ড
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় খাল থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে ১টি ড্রেজারসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা 'দুলাল ডক' সংলগ্ন পাথরঘাটা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোস্ট গার্ডের আভিযানিক দল ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু তোলার সময় হাতেনাতে ৫ জনকে আটক করে।
জব্দকৃত ড্রেজার এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরগুনা কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
নদীভাঙন থেকে উপকূলীয় নদীপাড়ের সাধারণ মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।

