ডার্ক মোড
Saturday, 01 August 2026
ePaper   
Logo
বরিশালে মানব পাচারবিরোধী পদযাত্রা, আলোচনা সভা   

বরিশালে মানব পাচারবিরোধী পদযাত্রা, আলোচনা সভা  

মাসুদ রানা, বরিশাল

 

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে মানব পাচারবিরোধী জনসচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরীসহ স্থানীয়দের মানব পাচারের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কাশিপুরের নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পদযাত্রা বের হয়। এতে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, অনলাইন প্রতারণা এবং শিশু-কিশোরদের সুরক্ষাসংক্রান্ত বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করা হয়। পদযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আদর্শ সামাজিক সুরক্ষা কমিটির সভাপতি ও নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ। এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিশু-কিশোরদের বিভিন্ন প্রলোভন ও প্রতারণা সম্পর্কে সচেতন করা জরুরি।”

সভায় বক্তারা উল্লেখ করেন, পাচারকারীরা প্রায়ই ভালো চাকরি, উচ্চ বেতন ও বিদেশে কর্মসংস্থানের মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেও এই ধরনের প্রতারণা বাড়ছে। তাই অনলাইন বা সরাসরি পাওয়া যেকোনো চাকরির প্রস্তাব বা বিদেশে যাওয়ার সুযোগ গ্রহণের আগে সঠিক তথ্য যাচাই করার ওপর জোর দেন বক্তারা।

শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের উদ্দেশে বক্তারা আহ্বান জানান, অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য, ছবি বা পরিচয়পত্র শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। অনলাইনে কোনো সন্দেহজনক প্রস্তাব পেলে পরিবার, শিক্ষক বা নির্ভরযোগ্য কোনো ব্যক্তির পরামর্শ নেওয়া এবং প্রয়োজনে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়।

উল্লেখ্য, প্রতিবছর ৩০ জুলাই জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস’ পালিত হয়। ২০২৬ সালের বিশ্বব্যাপী প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম” (Trapped Behind the Scam)। অনলাইন স্ক্যাম ও ডিজিটাল প্রতারণার মাধ্যমে মানুষকে পাচারের ঝুঁকির বিষয়টিকে এবার বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

নব আদর্শ কিশোর-কিশোরী ক্লাব ও আদর্শ সামাজিক সুরক্ষা কমিটির যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ‘এমপাওয়ারিং কমিউনিটিজ ফর চিলড্রেন রাইটস’ (ইসিসিআর) প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন