ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ সত্ত্বেও অতিরিক্ত সচিবের দৌড়ে এগিয়ে আছেন ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, আওয়ামী মন্ত্রীদের ঘনিষ্ঠ যুগ্মসচিব মনিরুল
নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিপরিষদ বিভাগের (ক্যাবিনেট ডিভিশন) যুগ্মসচিব (পরিকল্পনা ও বাজেট অধিশাখা) মোহাম্মদ মনিরুল ইসলামের (পরিচিতি নং ১৫১২২) বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি এবং বিগত সরকারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর ঢাকার মোহাম্মদপুরের মো. আব্দুল আউয়াল নামক এক ব্যক্তি এই লিখিত অভিযোগ দাখিল করেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, মোহাম্মদ মনিরুল ইসলাম চাকরিজীবনের শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আর্থিকভাবে লাভজনক পদে দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ-সম্পদ অর্জন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন বলে অভিযোগে দাবি করা হয়।
লিখিত অভিযোগে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (তদন্ত ও অনুসন্ধান) হিসেবে দায়িত্ব পালনকালে মনিরুল ইসলাম একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন।
এ সময় তদন্ত প্রতিবেদন প্রভাবিত করা, ফাইল আটকে রেখে অর্থ আদায় এবং বিভিন্ন মামলায় ‘ক্লিনচিট’ বা ছাড়পত্র দেওয়ার বিনিময়ে তিনি বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেন। তার অধীনে নিষ্পত্তি হওয়া মামলাগুলো পুনরায় তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আবেদনে উল্লেখ করা হয়।
পরবর্তীতে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি হন। অভিযোগ অনুযায়ী, সেখানে ৩১০ জন জনবল নিয়োগের দায়িত্ব পেয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগসাজশে পদভেদে জনপ্রতি ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ করেন, যার মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এ বিষয়ে তৎকালীন সময়ে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়লে ২০২৪ সালের ২ জুন একক আদেশে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে বদলি হন।
আবেদনে আরও দাবি করা হয়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কৌশলে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি হয়ে আসেন এবং শুরুতে দুদক ডেস্কের দায়িত্ব গ্রহণ করেন। এই পদে থেকে তিনি পূর্বের সিন্ডিকেট সচল রাখেন এবং বিগত আমলের বেশ কয়েকজন জেলা প্রশাসককে (ডিসি) দুদকের মামলা থেকে অব্যাহতি দিতে ভূমিকা রাখেন।
রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগকারী উল্লেখ করেন, ছাত্রজীবনে খিলগাঁও এলাকায় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকা এই কর্মকর্তা বিগত সরকারের শীর্ষ মন্ত্রীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। বর্তমানে তিনি রাজনৈতিক ভোল পাল্টে বিএনপি ও জামায়াতের সাথে ঘনিষ্ঠতা দেখানোর চেষ্টা করলেও গোপনে বিগত সরকারের সমর্থক কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছেন এবং বর্তমান প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন মন্তব্য করে বেড়াচ্ছেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্তকৃত উপসচিব ধনঞ্জয়ের সাথেও তার ঘনিষ্ঠতা ছিল বলে আবেদনে জানানো হয়।
এদিকে, তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ঘনিষ্ঠ এই কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে পদোন্নতির দৌড়ে অনেক এগিয়ে আছেন বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে। অনেকেই বলছেন, তার অতিরিক্ত সচিব হওয়া প্রায় নিশ্চিত এবং তাকে কেউ ঠেকাতে পারবে না।
আবেদনকারী মো. আব্দুল আউয়াল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে আনীত নিয়োগ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং প্রশাসনিক সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিবের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে চেয়ে মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজেরও জবাব দেননি।

