ডার্ক মোড
Monday, 03 August 2026
ePaper   
Logo
স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিন্ডিকেট: তোয়াক্কা করা হচ্ছে না মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে

স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিন্ডিকেট: তোয়াক্কা করা হচ্ছে না মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে

বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামানের নেতৃত্বে এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে, যা মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়ের নির্দেশনাকেই সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলছে।

বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজনৈতিক নেতৃত্বের তোয়াক্কা বা কোনো অনুমোদন না নিয়েই পদায়ন, বদলি, টেন্ডার প্রক্রিয়া এবং সার্বিক প্রশাসনিক সিদ্ধান্ত এককভাবে নিয়ন্ত্রণ করতে এই সচিব বিগত সরকারের সুবিধাবাদী ও অনুগত কর্মকর্তাদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

নিয়ম-নীতির তোয়াক্কা না করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ফাইল আটকে রাখা এবং ঘুষ ছাড়া কোনো ফাইল লাল ফিতার দৌরাত্ম্য থেকে মুক্তি না পাওয়ার মতো মারাত্মক অভিযোগও উঠেছে। এর ফলে সারাদেশে স্বাস্থ্য খাতে তীব্র অসন্তোষ ও স্থবিরতা দেখা দিয়েছে।

প্রশাসনিক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, এই আমলাতান্ত্রিক সিন্ডিকেটটি সরকারকে ইচ্ছাকৃতভাবে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। সচেতন মহল হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবিলম্বে এই কায়েমি স্বার্থান্বেষী নেটওয়ার্ককে গুঁড়িয়ে দেওয়া না গেলে পুরো স্বাস্থ্য প্রশাসনে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে।

প্রতিবেদনে আরও প্রকাশ পায় যে, সচিব কামরুজ্জামান একক সিদ্ধান্তে অধিকাংশ ফাইল নিষ্পত্তি করছেন; তিনি নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন অনুমোদন না নিয়ে অনেক নথি সরাসরি পাশ কাটান কিংবা নিজের মতো নিচে পাঠিয়ে দেন। তাছাড়া, বদলির আদেশ হওয়া সত্ত্বেও জুলাই অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদেরসহ বিগত রাজনৈতিক সরকারের অনুগত বিতর্কিত বেশ কয়েকজন কর্মকর্তাকে তাঁরই আশ্রয়ে পদে বহাল রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এসব গুরুতর অভিযোগের বিষয়ে কথা বলতে সচিব কামরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। পরবর্তীতে মন্ত্রণালয়ের টিঅ্যান্ডটি নম্বরে যোগাযোগ করা হলে তাঁর দাপ্তরিক কর্মচারীরা জানান, সচিব মিটিংয়ে ব্যস্ত আছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন