চকবাজারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
স্টাফ রিপোর্টার
রাজধানীর চকবাজার এলাকায় গভীর রাতে চোরাচালানবিরোধী ও পরিবেশ সুরক্ষায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি আভিযানিক দল চকবাজার থানাধীন বুড়িগঙ্গা নদী সংলগ্ন নূরজাহান মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোস্ট গার্ডের সদস্যরা একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি ৪৪ লাখ টাকা বাজারমূল্যের ৯,৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
পরবর্তীতে জব্দকৃত পলিথিন বিনাশের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। তবে আনুষ্ঠানিক মুচলেকা গ্রহণ করে ট্রাকটি এবং এর চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়।
পরিবেশ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।

