ডার্ক মোড
Tuesday, 04 August 2026
ePaper   
Logo
প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর ৯ আগস্ট: হেলিপ্যাড প্রস্তুতি

প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর ৯ আগস্ট: হেলিপ্যাড প্রস্তুতি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ফটিকছড়িতে জোরদার প্রস্তুতি চলছে। সফরের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফটিকছড়ি পরিদর্শন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

এর আগে তিনি মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করেন। পরে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কসংলগ্ন ফটিকছড়ির পাইন্দং পেলাঘাজী দিঘি এলাকার সিএন্ডবি মাঠে নির্মিত হেলিপ্যাড এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনা, প্রটোকল ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সাংবাদিকদের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি আগেই শুরু হয়েছে। সফরের আগ্রহ প্রকাশের পর থেকেই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর আগমন নতুন আশার সঞ্চার করবে বলে আমরা আশা করছি।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীকে যথাযথভাবে বরণ এবং সফরের প্রতিটি কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতীতের মতো এবারও চূড়ান্ত কর্মসূচি পাওয়ার পর প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে।”

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন এবং পুরো এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য এ সফরে বন্যাকবলিত ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে হেলিপ্যাড নির্মাণ, সড়ক সংস্কার, সম্ভাব্য জনসভাস্থল প্রস্তুত, নিরাপত্তা জোরদারসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। বিভাগীয় কমিশনারের এ পরিদর্শনকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের চূড়ান্ত প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন