জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিযোজন খাতে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ বরাদ্দের দাবি
আনতালিয়া (তুরস্ক) থেকে জাহাঙ্গীর খান বাবু
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণের বোঝা কমাতে কার্যকর ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করার প্রস্তাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন অনুদান, নতুন ঋণ নয়। কারণ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে গিয়ে এসব দেশের অর্থনীতি যখন চাপে রয়েছে, তখন নতুন ঋণ তাদের সংকট আরও বাড়িয়ে তুলছে।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ০.৫ শতাংশেরও কম। অথচ দেশটি জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থান করছে। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও অনিয়মিত বৃষ্টিপাতের মতো বহুমুখী অভিঘাত বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা, কৃষি ও অর্থনীতিকে প্রভাবিত করছে।
তারেক রহমান বলেন, বর্তমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নব্যবস্থা উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন এবং অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত করতে পারছে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির পাশাপাশি ঋণ পরিশোধের বাড়তি চাপ ও সীমিত আর্থিক সক্ষমতা এসব দেশের অভিযোজন কার্যক্রমকে কঠিন করে তুলছে।
পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব
প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বা অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। প্রতিটি দেশের নিজস্ব প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় এ অর্থ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ থেকে মুক্তি ও ঋণের চাপ কমানোর কার্যকর ব্যবস্থা চালু করতে হবে। এ ক্ষেত্রে জলবায়ু সহনশীল ঋণ পরিশোধের বিশেষ শর্ত এবং ঋণের পরিবর্তে জলবায়ু কার্যক্রমে বিনিয়োগের মতো উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
তৃতীয়ত, উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নত দেশগুলোকে এসব প্রযুক্তি হস্তান্তরে কার্যকর সহযোগিতা দিতে হবে, যাতে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলো নিজেদের সক্ষমতা বাড়াতে পারে।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়াতে হবে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর বাস্তব সক্ষমতা ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
পঞ্চমত, ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে কপ৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ব্যবস্থার মূল ভিত্তি হতে হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতার নীতি অনুসরণ করতে হবে। যেসব দেশ ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণ করেছে, তাদের দায়িত্ব ও সক্ষমতা অনুযায়ী কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন।
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতির লক্ষ্য
ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের নিজস্ব জলবায়ু ও পরিবেশ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণকে পাশাপাশি এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ কর সুবিধার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, পরিবেশবান্ধব শিল্পায়ন, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার এবং পাটের ব্যাগসহ পরিবেশবান্ধব পণ্যের প্রসারে কাজ চলছে। কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। নদী ও জলাধার ব্যবস্থাপনায় পদ্মা ও তিস্তা ব্যারাজের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগের কথাও জানান তিনি।
এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে পানির ধারণক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুদ্ধার এবং ভূগর্ভস্থ পানির স্তর পুনরায় পূরণে সহায়তা করা। উপকূলীয় অঞ্চলের মানুষের সুরক্ষা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় পুনরুদ্ধার করা ভূমিতে ম্যানগ্রোভ বন সৃজনের উদ্যোগও তুলে ধরেন তিনি।
নারী ও তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্ব
প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশবান্ধব অর্থনীতির বিকাশের মাধ্যমে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন, কপ৩১ সম্মেলন থেকে এমন একটি ভারসাম্যপূর্ণ, উচ্চাভিলাষী ও কার্যকর সিদ্ধান্ত আসবে, যা বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বাস্তব সুফল বয়ে আনবে।
ভাষণের শেষে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের প্রতি আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপান্তরের আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত সংহতি ও কার্যকর সহযোগিতার মধ্য দিয়েই আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই পাঁচ দফা প্রস্তাব জলবায়ু ন্যায্যতা, আন্তর্জাতিক অর্থায়ন এবং উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

