ডার্ক মোড
Wednesday, 02 September 2026
ePaper   
Logo
শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লোকমান আহমদ, সিলেট প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচি ছিল জনগণের ভাগ্যোন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের কর্মসূচি। ভবিষ্যতে কোনো সামরিক স্বৈরাচার, স্বৈরাচারী শক্তি বা ফ্যাসিবাদের উত্থান যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেন এবং পরবর্তীতে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে রক্ষা করেন। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন। সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় নেতৃত্বে পরিণত হন এবং ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষা ও যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে।
তিনি আরও বলেন, বিএনপির আদর্শ হলো সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর আলোকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা হবে। এ সময় তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকে থাকবে কি না- এমন প্রশ্নের সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরে স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন। কৃষি, শিল্প ও খাদ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রার ভিত্তি তৈরি করে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের অনুসারী হিসেবে তাঁর স্থাপিত উচ্চমান বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণ করা দায়িত্ব। জনাব তারেক রহমানের নেতৃত্বে অর্থনীতি, জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ দেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক, এমপি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নিসহ সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটে চালু হলো সীমান্ত নজরদারি
ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র
লোকমান আহমদ, সিলেট প্রতিনিধি
আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম ও বনাঞ্চল বেষ্টিত এলাকা-সহ সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারিকে আরো কার্যকর ও সহজতর করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট সেক্টর সদর দপ্তরে “সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার”-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে এ বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, সীমান্তের যেসব দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত (ওয়াইল্ড) এলাকা রয়েছে, যেখানে সরেজমিন জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত দুষ্কর, সে সমস্ত জায়গায় নাইট ভিশন এবং থার্মাল প্রযুক্তি সংবলিত ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক আধুনিক ডিজিটাল সার্ভেইল্যান্স পরিচালনা করা হবে। থার্মাল প্রযুক্তির এই ব্যবহারের ফলে রাতের আঁধারেও সীমান্তের ওপারে অপর পক্ষের তৎপরতা তদারকি এবং চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রের রুট চিহ্নিত করে তা প্রতিহত করা সহজ হবে।
মন্ত্রী আরো বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক ও মানবিক দুর্যোগেও ড্রোনের এই প্রযুক্তিগত সক্ষমতা কার্যকর ভূমিকা রাখছে। তিনি বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা এবং সরাসরি দুর্গম পয়েন্টে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে বিজিবি সদস্যরা সফলভাবে ড্রোনের ব্যবহার নিশ্চিত করেছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এই ড্রোন স্কুলে বর্তমানে বিজিবি সদস্যদের সীমান্ত নজরদারি ও ড্রোন ওয়ারফেয়ার প্রশিক্ষণ দেওয়া হলেও ভবিষ্যতে বেসামরিক জনবলকেও উন্নত প্রযুক্তি ও ড্রোন পরিচালনায় দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। সেই সাথে আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিশ্বের সব সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যুক্ত করে দেশের সর্বাত্মক সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি করা হবে।
মাদক মামলার প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে যুগোপযোগী করা হয়েছে এবং জেলা পর্যায়ে ল্যাব, হাজতখানা, ডগ স্কোয়াড ও আধুনিক অস্ত্রের মাধ্যমে বাহিনীর কার্যকারিতা বহুগুণ বাড়ানো হচ্ছে। একই সাথে আইনি প্রক্রিয়ায় বাধা দিতে ‘মব’ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রচলিত আইনের মাধ্যমে অত্যন্ত কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। স্বাগত বক্তৃতা করেন বিজিবি'র সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন।
প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধনের পূর্বে মন্ত্রীকে 'সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (SSSDW)' সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক দিক নিয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। উদ্বোধনের পর মন্ত্রী ড্রোন স্কুল কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন এবং পরবর্তীতে বিজিবি'র দক্ষ পরিচালনায় একটি বাস্তবভিত্তিক অপারেশনাল মহড়া ও ডাইনামিক ড্রোন ডিসপ্লে প্রত্যক্ষ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সদর দপ্তর ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে বিজিবি'র একটি বিশেষায়িত প্রশিক্ষণ স্কুল/কেন্দ্র হিসেবে SSSDW-এর যাত্রা শুরু হলো। কেন্দ্রটি উদ্বোধনের মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্তে আধুনিক আকাশভিত্তিক ড্রোন প্রযুক্তি ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

অর্থনীতিতে গতি সঞ্চার করতে
কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
লোকমান আহমদ, সিলেট প্রতিনিধি
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অর্থনীতিতে গতি সঞ্চার, শিল্পায়ন সম্প্রসারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে। জ্বালানি সংকট, বিদ্যুৎ ব্যবস্থাপনা ও লজিস্টিকসহ অর্থনৈতিক উন্নয়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে শিল্প-বাণিজ্যের গুরুত্বপূর্ণ খাতগুলোকে আরও শক্তিশালী করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট নগরীর তোপখানা রোডে সুরমা ভ্যালিতে মহানগনর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিএনপি বিভিন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। শত প্রতিকূলতার মধ্যেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দল ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তাঁর জ্যেষ্ঠ সন্তান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, বর্তমানে উদ্যাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবিলাই সরকারের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিল্প, বাণিজ্য ও অর্থনীতির প্রতিটি খাতকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সিলেটে একটি বেসিক শিল্পনগরী প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গতি আনার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো হবে।
খন্দকার মুক্তাদির বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন করা হবে। জনগণ যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেশের দায়িত্ব দিয়েছে, সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, একটি শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে শিল্প-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতির প্রতিবন্ধকতা দূর করার কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন