‘হ্যালো ডিসি’র মাধ্যমে দোহারে ১৪ নারী পেলেন সেলাই মেশিন
স্টাফ রিপোর্টার
বিশেষ সেবামূলক প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’র মাধ্যমে আবেদন করে ঢাকার দোহার উপজেলার ১৪ জন দুস্থ, অসহায় ও দরিদ্র নারী পেয়েছেন সেলাই মেশিন।
স্বাবলম্বী হতে ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রবিবার ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম এসব নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হ্যালো ডিসি প্ল্যাটফর্মে আবেদন পাওয়ার পর উপজেলা প্রশাসন আবেদনকারীদের আর্থ-সামাজিক অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে সবচেয়ে উপযুক্ত ১৪ জন দরিদ্র নারীকে চূড়ান্তভাবে নির্বাচন করে।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও নারী ক্ষমতায়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে জেলা প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, প্রশাসনের লক্ষ্য কেবল নগদ অর্থ বা সাহায্য প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
তিনি উল্লেখ করেন, ‘হ্যালো ডিসি’ সেবার মাধ্যমে প্রকৃত অসচ্ছল ও অসহায় জনগোষ্ঠীর কাছে দ্রুত এবং সহজ উপায়ে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। সুবিধাভোগীরা এই সেলাই মেশিন ব্যবহার করে তাদের পরিবারের আর্থিক উন্নয়ন ঘটাতে পারবেন এবং নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভবিষ্যতেও ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের আবেদন গ্রহণ করা হবে এবং সঠিক সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

