বরিশালে ড্রেজার ও বাল্কহেডসহ ৪ অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করেছে কোস্ট গার্ড
বরিশাল ব্যুরো
বরিশালের কীর্তনখোলা নদীর দপদপিয়া সেতু সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর দপদপিয়া সেতু সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন বরিশাল। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয় এবং এর সাথে জড়িত চারজনকে আটক করা হয়।
পরবর্তীতে বরিশাল সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এক মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। মুচলেকা নেওয়ার পর আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড ছেড়ে দেওয়া হয়।

