পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনসার-ভিডিপির সকল ইউনিটে বিশেষ দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বুধবার জোহরের সালাত শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ সারা দেশের সকল ইউনিটে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন, আদর্শ ও মানবিক শিক্ষা স্মরণ এবং দেশ, জাতি ও বাহিনীর সার্বিক কল্যাণ কামনায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে বাহিনীর সদর দপ্তর এবং সকল ফিল্ড ইউনিটে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। জোহরের সালাত শেষে সদর দপ্তর মসজিদে অনুষ্ঠিত বিশেষ দোয়া অনুষ্ঠানে যোগ দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ, উপমহাপরিচালকবৃন্দ এবং সদর দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দিবসটির তাৎপর্য বিবেচনায় আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
দোয়া মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত, দরূদ ও সালাম পেশ করা হয় এবং মহানবী (সা.)-এর অতুলনীয় চরিত্র, মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, সততা ও শান্তির শিক্ষাসমূহ অনুসরণের ওপর আলোকপাত করা হয়।
বিশেষ মোনাজাতে জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশ আনসার ও ভিডিপির সার্বিক অগ্রগতি এবং বাহিনীর সকল সদস্য ও তাঁদের পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবতার এক অনন্য শিক্ষা দেয়। তাঁর এই শিক্ষা অনুসরণ করে অর্পিত দায়িত্বকে আমানত হিসেবে গণ্য করা, নিষ্ঠা ও সততার সাথে কর্তব্য পালন করা এবং সহকর্মী ও সেবাগ্রহীতাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

