শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল 'জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে' উন্নীত হচ্ছে: ববি হাজ্জাজ
স্টাফ রিপোর্টার
রাজধানীর শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালকে অতিশীঘ্রই 'জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল'-এ উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোববার শ্যামলী টিবি হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাসপাতাল পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
প্রতিমন্ত্রী জানান, এ প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশব্যাপী যক্ষ্মা রোগের আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, উচ্চতর গবেষণা, চিকিৎসকদের পেশাগত প্রশিক্ষণ এবং বিশেষায়িত চিকিৎসা সেবার পরিধি বহুগুণ বৃদ্ধি পাবে।
হাসপাতালের পরিচালনাগত সীমাবদ্ধতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শূন্যপদে চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে দ্রুত জনবল সংকট নিরসনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভা শেষে ববি হাজ্জাজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা সেবা, হাসপাতালের পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ ও সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ-পরিচালক ড. আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), সমাজসেবা অধিদপ্তর, হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং স্বাস্থ্য খাতের সাংবাদিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

