বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ১২ জেলেসহ ট্রলার উদ্ধার করেছে নৌবাহিনী, কোস্ট গার্ডের কাছে হস্তান্তর
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি নাঈম’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গভীর সমুদ্র থেকে নৌবাহিনীর জাহাজ ‘পদ্মা’ সফলভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, রাতের অন্ধকার, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সমুদ্রের তীব্র ঢেউ (সী স্টেট-৪) উপেক্ষা করে বিএএনএস ‘পদ্মা’ তাৎক্ষণিকভাবে এ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার নিবিড় অনুসন্ধানের পর রাডারের সাহায্যে ভাসমান ট্রলারটি সনাক্ত করতে সক্ষম হয় নৌবাহিনী। পরবর্তীতে রাত সাড়ে ১০টায় ‘এফবি নাঈম’ ও তাতে থাকা ১২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় আহত এক জেলেকে জাহাজে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ১২ জেলে এবং ফিশিং ট্রলারটিকে নিরাপদে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে পায়রা বন্দর এলাকা থেকে রওনা হয় ট্রলারটি। পরদিন ৯ সেপ্টেম্বর রাতে মাঝ সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ১২ জন জেলেকে নিয়ে এটি নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ভাসতে থাকে।

