ডার্ক মোড
Saturday, 21 November 2026
ePaper   
Logo
মবের গণতন্ত্র ও ভিড়ের সংবিধান

মবের গণতন্ত্র ও ভিড়ের সংবিধান

ইঞ্জিনিয়ার ফকর উদ্দিন মানিক

পৃথিবীর মানচিত্রে এমন একটি কাল্পনিক ভূখণ্ডের অস্তিত্ব কল্পনা করা যাক, যেখানে সংবিধান আছে, কিন্তু সাংবিধানিক চেতনা নেই; আদালত আছে, কিন্তু বিচারের নিশ্চয়তা নেই; আইন আছে, কিন্তু প্রয়োগের সাহস নেই। সংসদ আছে, অথচ জনস্বার্থের চেয়ে জনরোষের মূল্য বেশি। রাষ্ট্রের নাম সেখানে গণতন্ত্র, কিন্তু শাসনব্যবস্থার অলিখিত নাম—মবতন্ত্র! এখানে নাগরিকের অধিকার সংবিধানের পাতায় বন্দি, আর উন্মত্ত জনতার অধিকার রাজপথে অবাধ।

এই অদ্ভুত ভূখণ্ডে সম্প্রতি এক নতুন প্রজাতির প্রাণীর আবির্ভাব ঘটেছে। নাম তার ‘মব’। এটি কোনো সাধারণ পাখি নয়, বরং এক ধরনের রাজনৈতিক শকুন। একা উড়তে পারে না, দলবদ্ধভাবে আকাশ ঢেকে ফেলে। ঠোঁটে যুক্তি নেই, চোখে বিবেক নেই, মস্তিষ্কে তথ্য নেই; কিন্তু ডানায় উত্তেজনা, নখরে প্রতিহিংসা আর কণ্ঠে ধার করা বিপ্লবের স্লোগান। তার খাদ্য গুজব, পানীয় ঘৃণা, বিনোদন মানুষের অপমান, আর উৎসব—অসহায় মানুষের রক্তাক্ত পরিণতি। আশ্চর্যের বিষয়, এই শকুনের কোনো লাইসেন্স লাগে না, কোনো পরিচয়পত্র লাগে না, এমনকি অপরাধের দায় স্বীকারেরও প্রয়োজন পড়ে না। দলবদ্ধ হলেই সে যেন রাষ্ট্রের অঘোষিত ক্ষমতার মালিক!

একসময় রাষ্ট্র মানে ছিল আদালত, সংসদ, সংবিধান ও দায়িত্ববোধ। এখন রাষ্ট্রের অস্তিত্ব যেন নির্ভর করে ভিড়ের মুড সুইংয়ের ওপর। সকালে জনতা রাগান্বিত হলে দুপুরে নৈতিকতার সংজ্ঞা বদলায়, বিকেলে মানুষের জীবন বিপন্ন হয়, আর রাতে রাষ্ট্রের মুখপাত্র জানিয়ে দেন—‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, তদন্ত চলছে।’ এই ভূখণ্ডে তদন্ত যেন এক বিশেষ ধরনের রাষ্ট্রীয় শোকবার্তা—ঘোষণা করা হয় নিয়মিত, কিন্তু ফলাফল দেখা যায় কালেভদ্রে। তদন্তের ফাইল চলে, সময় চলে, সংবাদপত্রের শিরোনাম বদলায়; শুধু বিচারটি আর আসে না।

এখানে বিচারের তিন স্তরের এক অভিনব ব্যবস্থা গড়ে উঠেছে। প্রথম স্তর—গুজব, যা সত্যের আগেই দৌড়ায়। দ্বিতীয় স্তর—ভাইরাল আদালত, যেখানে মিথ্যা জনপ্রিয়তা পায়, আর অসম্পূর্ণ তথ্য পূর্ণাঙ্গ রায়ে পরিণত হয়। তৃতীয় ও চূড়ান্ত স্তর—মবের আদালত, যেখানে অভিযোগকারীই বিচারক, বিচারকই জল্লাদ। এখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন নেই, আপিলের অধিকারও নেই। কয়েক মিনিটেই রায়, তারপর প্রকাশ্য শাস্তির মহড়া! আদালতের হাতে আইন, আর মবের হাতে লাঠি, আগুন ও ক্যামেরা। দুর্ভাগ্যজনকভাবে ক্যামেরাটি কখনো কখনো বিচারপ্রার্থীর চেয়েও বেশি জনপ্রিয়।

মবের সবচেয়ে বড় গুণ হলো, সে প্রশ্ন করে না। প্রশ্ন মানেই সন্দেহ, সন্দেহ মানেই ষড়যন্ত্র, আর ষড়যন্ত্র মানেই শত্রুতার তকমা। দশজন চিৎকার করলে একজনের অপরাধী হওয়া নাকি স্বাভাবিক, শতজন উত্তেজিত হলে ন্যায়বিচারের প্রয়োজন কী, আর হাজারজন লাইভে থাকলে সত্যের আর কী প্রয়োজন! যেন মানুষের সংখ্যা বাড়লেই সত্যের ওজন কমে যায়, আর লাঠির দৈর্ঘ্য বাড়লেই নৈতিকতার উচ্চতা বেড়ে যায়। অথচ গণতন্ত্রের মূলনীতি হলো—সংখ্যাগরিষ্ঠের মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু একজন মানুষের মৌলিক অধিকারও সংখ্যার কাছে বিক্রয়যোগ্য নয়।

এই ভিড় নিজেকে ভাবে নৈতিকতার মহামান্য দেবতা। তার কোনো জবাবদিহি নেই, অনুশোচনা নেই, ভুল স্বীকারের প্রয়োজন নেই। কারণ মবের অভিধানে অপরাধী সব সময় অন্য কেউ, আর নির্দোষ সব সময় তার নিজের দল। মানুষ সেখানে নাগরিক নয়, যেন ব্যবহারযোগ্য রাজনৈতিক উপসামগ্রী—প্রয়োজনে স্লোগানের জ্বালানি, প্রয়োজনে প্রতিহিংসার লক্ষ্যবস্তু। রাষ্ট্র তখন ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখে। মাঝে মাঝে মাথা নাড়ায়, কখনো চোখ বন্ধ করে, আবার কখনো পরিস্থিতি বুঝে বিবৃতি দেয়। তার মেরুদণ্ডটি রাবারের তৈরি—ভিড়ের চাপ বাড়লে বেঁকে যায়, চাপ কমলে আবার সোজা হওয়ার অভিনয় করে।

একসময় বলা হতো, আইনের চোখ বাঁধা থাকে নিরপেক্ষতার প্রতীক হিসেবে। এখন মনে হয়, আইন চোখ বন্ধ করে থাকে ভয়ে। ভিড়কে ভয় পায়, শিরোনামকে ভয় পায়, হ্যাশট্যাগকে ভয় পায়। ফলে আইন এখন আর নাগরিকের রক্ষক নয়, নিজের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত এক অসহায় প্রতিষ্ঠান। আইন ঘুমায়, ভিড় পাহারা দেয়; সংবিধান নীরব থাকে, আর লাঠি নতুন সংবিধান লেখে।

ডিজিটাল যুগে পাপ মোচনের জন্য এক নতুন ধর্ম চালু হয়েছে—নাম তার ‘শেয়ারতন্ত্র’। কেউ মার খেলে ভিডিও শেয়ার করুন, কেউ পুড়লে লিখুন ‘খুবই দুঃখজনক’, তারপর একটি বিষণ্ন ইমোজি দিয়ে মানবিকতার সনদ সংগ্রহ করুন। লাইক, কমেন্ট ও শেয়ারের ত্রিমুখী ত্রিশূল দিয়ে আমরা প্রতিদিন বিবেকের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করি। একটি সম্পাদিত ভিডিও, একটি উদ্দেশ্যপ্রণোদিত ক্যাপশন কিংবা একটি পুরোনো ছবি মুহূর্তেই কাউকে জনতার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে। অ্যালগরিদম সত্য বোঝে না, বোঝে মানুষের মনোযোগ; তাই উত্তেজনা যত বেশি, প্রচার তত বেশি। প্রযুক্তি মানুষের জ্ঞান বাড়ানোর কথা ছিল, অথচ তার অপব্যবহারে তৈরি হচ্ছে ডিজিটাল গিলোটিন।

সবচেয়ে ভয়াবহ হলো, এই বর্বরতা ধীরে ধীরে সামাজিক স্বাভাবিকতায় পরিণত হচ্ছে। মানুষ আর অবাক হয় না, লজ্জা পায় না, প্রতিবাদ করতেও আগ্রহী হয় না। কাঁধ ঝাঁকিয়ে বলে—‘কী আর করা যাবে!’ অথচ এই একটি বাক্যই নাগরিক বিবেকের কবরফলক। আজ যে হাত লাঠি তুলে অন্যের অধিকার কেড়ে নিচ্ছে, কাল সেই হাতই নিজের অধিকারের জন্য অসহায়ভাবে দরজায় কড়া নাড়তে পারে। মব কারও স্থায়ী বন্ধু নয়; তার একমাত্র আনুগত্য উত্তেজনার প্রতি।

রাষ্ট্র যদি সত্যিই নাগরিকের কল্যাণ চায়, তবে তাকে আগে আয়নার সামনে দাঁড়াতে হবে। স্বীকার করতে হবে, মব কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়; এটি বিচারহীনতা, রাজনৈতিক সুবিধাবাদ, প্রশাসনিক দুর্বলতা, গুজবের বিস্তার এবং সামাজিক অসহিষ্ণুতার সম্মিলিত ফসল। অপরাধের বিচার আদালতে হবে, জনতার প্রতিহিংসায় নয়। শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিক অধিকার, কিন্তু সহিংসতা কোনো গণতান্ত্রিক অধিকার নয়। মতপ্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু অন্যের জীবন কেড়ে নেওয়ার স্বাধীনতা নেই।

ইতিহাসের নির্মম শিক্ষা হলো, যে সমাজে ভিড় বিচারকের আসনে বসে, সেখানে একদিন ভিড়ের সদস্যরাও আসামি হয়ে দাঁড়ায়। আজ যে চিৎকার করছে, কাল সে-ই হয়তো নিজের কণ্ঠস্বর হারাবে। যে অন্যের অধিকার পুড়িয়ে আনন্দ পায়, একদিন তার নিজের অধিকারও আগুনের মুখে পড়তে পারে।

মনে রাখতে হবে, গণতন্ত্রে জনতার কণ্ঠ রাষ্ট্রের শক্তি, কিন্তু জনতার লাঠি কখনো সংবিধান হতে পারে না। সংখ্যাগরিষ্ঠতা মত প্রকাশের অধিকার দেয়, মানুষ হত্যার অনুমতি দেয় না। স্বাধীনতা যদি মব করার লাইসেন্স হয়, তবে সে স্বাধীনতা সভ্যতার নয়, জঙ্গলের। আর জঙ্গল কখনো ভবিষ্যৎ নির্মাণ করে না; সে কেবল শক্তিশালীর উল্লাস আর দুর্বলের আর্তনাদকে দীর্ঘায়িত করে।

গণতন্ত্রের কবর খোঁড়ার জন্য সব সময় স্বৈরশাসকের প্রয়োজন হয় না; কখনো কখনো যথেষ্ট হয় উন্মত্ত জনতা, নির্বাক প্রশাসন এবং বিবেকহীন কিছু হাততালি।

 ইঞ্জিনিয়ার ফকর উদ্দিন মানিক
রাজনৈতিক বিশ্লেষক ও সমাজচিন্তক
ইমেইল: fokoruddincse@gmail.com
WhatsApp: +44 7405 332548

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন