ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
ভোলা প্রতিনিধি
ভোলার সদর উপজেলায় পরিচালনা করা এক মাদকবিরোধী অভিযানে আনুমানিক ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে কোস্ট গার্ড বেস ভোলার একটি চৌকস দল পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। এ সময় অটোরিকশা থেকে ৪০ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

