ডার্ক মোড
Wednesday, 26 August 2026
ePaper   
Logo
মোংলায় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলায় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই দূরদর্শী ভাবনার সাথে সংগতি রেখে "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ আয়োজন করা হয়।

ইনরুট ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২৬ আগস্ট, ২০২৬) প্রোগ্রামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আওতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় আনুমানিক ৯,৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এসব চারা উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, মাটিক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, মোংলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলমান সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন