টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান: অস্ত্র, গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, টেকনাফ থানার দমদমিয়ার ১৪ নম্বর সেতু সংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশী জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড গুলি এবং ১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, গোপন তথ্যের ভিত্তিতে অপর এক অভিযানে টেকনাফের সাবরাং এলাকায় মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন আবাসিক বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ৫,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং জব্দকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের সার্বিক মাদক বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মিডিয়া কর্মকর্তা পুনর্ব্যক্ত করেন।

