গভীর সমুদ্রে ভাসমান ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড
স্টাফ রিপোর্টার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এক ফিশিং ট্রলারসহ ১২ জন জেলেকে সশরীলে ও জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, 'এফভি মায়ের দোয়া' নামের একটি ফিশিং ট্রলার গত রবিবার রাত আনুমানিক ৮টার দিকে সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ট্রলারটি ভেসে যেতে থাকে।
পরবর্তীতে ২৪ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে একজন জেলে ট্রলারের মালিকের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। ট্রলার মালিক বিষয়টি জানার সাথে সাথে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে দ্রুত সহায়তা চান।
সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন দুবলা একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। গভীর সমুদ্রের সংশ্লিষ্ট এলাকা থেকে কোস্ট গার্ড দল বিকল ট্রলারসহ ১২ জন জেলেকেই জীবিত উদ্ধার করতে সমর্থ হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে। ট্রলার এবং জেলেদের মালিকপক্ষের প্রতিনিধিদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতে এ ধরনের দ্রুত ও কার্যকর উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা পুনর্ব্যক্ত করেন।

