ডার্ক মোড
Tuesday, 25 August 2026
ePaper   
Logo
শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে "শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয়" শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রগতি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার শামিমা পারভীন।

সামাজিক দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, শিশুর সুরক্ষা কেবল একটি পরিবারের একক দায়িত্ব নয়, এটি সমগ্র সমাজ ও রাষ্ট্রের এক সম্মিলিত ও নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, "শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবারগুলোতে শিশুদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেদের যেকোনো ভয়, সমস্যা বা অপ্রত্যাশিত ঘটনার কথা অভিভাবকদের সাথে মন খুলে প্রকাশ করতে পারে। পাশাপাশি, শিশুদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন যে, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, সামাজিক সচেতনতা তৈরি এবং ভুক্তভোগী শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ অত্যন্ত জরুরি। শিশু নির্যাতনের যেকোনো ঘটনা চেপে না রেখে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে সামাজিক সচেতনতা বৃদ্ধি, দ্রুত নির্যাতন শনাক্তকরণ, উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সময়মতো তথ্য পৌঁছানো, ভুক্তভোগীদের মানসিক ও শারীরিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং অপরাধীদের বিরুদ্ধে আপসহীন আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মো. খলিলুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রাশেদুন রওনক খান, 'ব্রেকিং দ্য সাইলেন্স'-এর নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা এবং সংস্থাটির পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিশু অধিকার বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন