এলজিইডি'র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমানকে ভূতাপেক্ষ সুবিধা প্রদান
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) সৈয়দ মাহবুবুর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের পর ভূতাপেক্ষ পদোন্নতি ও আনুষঙ্গিক সুবিধা দিয়েছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সৈয়দ মাহবুবুর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর The Public Servants (Retirement) Act, 1974 এর ধারা ৪ অনুযায়ী ১৬ আগস্ট ২০১৪ থেকে ২৬ আগস্ট ২০১৫ তারিখ পর্যন্ত অবসর উত্তর ছুটি (এলপিআর) মেয়াদের চাকরি হিসেবে গণনা করে ৩১১/আই-১ ধারা মোতাবেক ১৬ আগস্ট ২০১৪ তারিখে সরকারি চাকরি হতে পুনঃঅবসর প্রদান করা হলো।
একইসাথে, তাকে এলজিইডির ১ম গ্রেডের পদমর্যাদা অনুযায়ী ২৬ ডিসেম্বর ২০১৪ তারিখে বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় উক্ত তারিখ হতে তাকে এলজিইডির ‘প্রধান প্রকৌশলী’ (গ্রেড-১) পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি পুনঃঅবসরের মেয়াদের এলপিআর এবং ভূতাপেক্ষ পদোন্নতিজনিত বকেয়া বেতন-ভাতা ও পেনশন সুবিধা প্রাপ্য হবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

