ডার্ক মোড
Thursday, 27 August 2026
ePaper   
Logo
সঠিক পরিচর্যা পেলে বুদ্ধিশাবলীল শিশুরাও দেশের সম্পদে পরিণত হতে পারে: ডিসি ফরিদা খানম

সঠিক পরিচর্যা পেলে বুদ্ধিশাবলীল শিশুরাও দেশের সম্পদে পরিণত হতে পারে: ডিসি ফরিদা খানম

স্টাফ রিপোর্টার

সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ এবং পর্যাপ্ত সুযোগ দেওয়া হলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও দেশের মূল্যবান সম্পদে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর রাজারবাগে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের উন্নয়ন সংস্থা ‘মায়ার বন্ধন’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি শেষে শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়।

প্রতিবন্ধকতা কখনোই মানুষের মেধা, প্রতিভা ও সম্ভাবনার সীমারেখা নির্ধারণ করতে পারে না উল্লেখ করে ডিসি ফরিদা খানম বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন, চরম শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্টিফেন হকিং মহাবিশ্বের রহস্য উন্মোচনে অসাধারণ অবদান রেখে প্রমাণ করেছেন যে শারীরিক সীমাবদ্ধতা মানুষের প্রতিভা ও স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না।

তিনি আরও বলেন, "এই শিশুদের মধ্যে সীমাহীন সম্ভাবনা লুকিয়ে আছে। আমরা যদি তাদের সীমাবদ্ধতার পরিবর্তে সক্ষমতার ওপর নজর দিই এবং প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ ও সহযোগিতার সুযোগ তৈরি করে দিই, তবে তারাও একদিন পরিবার, সমাজ ও দেশের জন্য গর্বের কারণ হয়ে উঠবে।"

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অবহেলা বা করুণা নয়, বরং শ্রদ্ধা, ভালোবাসা ও সুযোগ দেওয়া প্রয়োজন উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় তাদের সুপ্ত প্রতিভার বিকাশে একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। ‘মায়ার বন্ধন’-এর এক দশকের মানবিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, শিশুদের ভবিষ্যৎ নিয়ে পিতামাতার উদ্বেগ কমাতে একটি স্থায়ী ও নিরাপদ আবাসন সুবিধা প্রতিষ্ঠার যে উদ্যোগ সংস্থাটি নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানকালে ডিসি অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের কল্যাণে আর্থিক অনুদান প্রদান করেন এবং উপযুক্ত স্থানে সরকারি খাস জমি বরাদ্দের আশ্বাস দেন।

‘মায়ার বন্ধন’-এর সভানেত্রী মোসাম্মাৎ ফৌজিয়া ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক, সংগঠনের সদস্য এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, অনুষ্ঠানে ১৬ জন এতিম এবং ১১ জন একক মায়েবোনে বড় হওয়া শিশুসহ মোট ৯৬ জন শিশু অংশ নেয়, যাদের সবার মাঝেই খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, ‘মায়ার বন্ধন’ একটি অরাজনৈতিক শিশু উন্নয়ন সংস্থা, যা এক দশক ধরে মানবিক নানা উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন