স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
রাজশাহী ব্যুরো
বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে সরকারের পূর্ণ সহায়তা ও সমর্থন অব্যাহত থাকবে।
শুক্রবার (২৪ জুলাই) রাজশাহীতে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু ও তরুণ শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী ফ্রি হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী, চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ এবং ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি) যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করে।
বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে ভূমিমন্ত্রী উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান চীনের সাথে বন্ধুত্বের সূচনা করেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে এই দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে প্রধান অতিথি ঘোষণা করেন যে, কোর্ট-নাটোর রোড থেকে হার্ট ফাউন্ডেশনে যাওয়ার সংযোগ সড়কটি প্রশস্ত করার জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ) নির্দেশ দেন। এছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদান বরাদ্দের আশ্বাসও দেন তিনি।
রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ও বিশেষজ্ঞ দলনেতা লু জিয়াং, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. এ.এন.এম. বাজলুর রশীদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবীর এবং রাজশাহী জেলা প্রশাসক কাজী মো. শহীদ বিপুল।
অন্যান্যদের মধ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের লাইফ মেম্বার অধ্যাপক ডা. মো. আতাউল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালটেন্ট ও পরিচালক অধ্যাপক ডা. মো. রইস উদ্দিন, ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. হাসেন আলী ও মো. মাকসুদুল করিম সম্রাট সহ চিকিৎসক, সমাজসেবক, রাজনৈতিক নেতা ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

