ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে নাগরিক সেবা সহজীকরণে 'হ্যালো ডিসি' মোবাইল অ্যাপের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলা প্রশাসনের সেবাসমূহকে আরও সহজলভ্য, দ্রুত ও নাগরিকবান্ধব করতে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের উদ্যোগে আজ মঙ্গলবার 'হ্যালো ডিসি' (Hello DC) মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যাপটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এই প্ল্যাটফর্মটির মাধ্যমে সাধারণ নাগরিকরা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা গ্রহণ, অভিযোগ ও আবেদন জমা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করা যাবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনার প্রক্রিয়া শেষ হলে এটি খুব শীঘ্রই গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোরেও (Apple App Store) পাওয়া যাবে। এছাড়া ঢাকা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমেও নাগরিকরা অ্যাপটি ডাউনলোড করে সেবা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি ০১৯৬১৬০৬০৬০ নম্বরে কল করে সেবা পাওয়ার সুযোগ রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, 'হ্যালো ডিসি' অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি কর্মকর্তাদের সাথে যোগাযোগের সুযোগ পাবেন। ব্যবহারকারীরা ভূমি প্রশাসন, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স প্রদান এবং পাবলিক গ্রিভেন্স (জনসাধারণের অভিযোগ) সম্পর্কিত আবেদন, অভিযোগ ও পরামর্শ জমা দেওয়ার পাশাপাশি রিয়েল-টাইমে (সরাসরি) নিজেদের আবেদনের বর্তমান অবস্থা ট্র্যাক বা পর্যবেক্ষণ করতে পারবেন।
অ্যাপটির মাধ্যমে জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা সময় নির্ধারণের সুবিধাও রাখা হয়েছে। একই প্ল্যাটফর্মে এনজিও ও লাইসেন্সিং সেবা, নামজারি (মিউটেশন), অর্পিত সম্পত্তি এবং আর্থিক সহায়তাসহ বিস্তৃত পরিসরের নাগরিক সেবা একীভূত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের ফলে জনগণের সময়, খরচ ও হয়রানি অনেকটাই কমে আসবে, যা জেলা প্রশাসনকে আরও বেশি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সেবামুখী করে তুলতে সাহায্য করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া অ্যাপটিকে সরকারি সেবা প্রদান প্রক্রিয়াকে সহজ ও আধুনিকীকরণের ক্ষেত্রে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন যে, জনভোগান্তি কমাতে এবং সেবার মান বাড়াতে সরকার তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে নিরলস কাজ করে যাচ্ছে। নাগরিকদের মতামতের ভিত্তিতে দ্রুত সাড়া দেওয়ার মাধ্যমে একটি কার্যকর ডিজিটাল সেবা কাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে অ্যাপটির আধুনিকায়ন করা হবে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন সেবা যুক্ত করে এটিকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সার্ভিস হাবে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

