কাজিপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি সেলিম রেজা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা সভায় প্রধান অতিথি ও কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ, চুরি ও ছিনতাই রোধ, হারানো মোবাইল ফোন উদ্ধার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আসন্ন জাতীয় দিবসসমূহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কমিটির সদস্য সচিব এস এম মোস্তাফিজুর রহমান। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবদুল সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আফজাল হোসেন স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজিপুর জোনাল অফিসের ডিজিএম মাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল হান্নান সরকার।
এছাড়া কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম রাঙ্গা, সহকারী কমিশনার (ভূমি) নাইমা জাহান সুমাইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেলসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন এবং ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা।

